গুণী সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। অগণিত জনপ্রিয় গান রয়েছে তার কণ্ঠে। দেখতে দেখতে সঙ্গীতজীবনের ৪০ বছর পূর্ণ করেছেন কিংবদন্তী এই কণ্ঠশিল্পী। এ উপলক্ষে একটি একক অ্যালবাম রিলিজ পাচ্ছে তার। আগামী ৭ জানুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।
দীর্ঘ ১৩ বছর পর তপন চৌধুরীর ‘ফিরে এলাম’ শিরোনামে এই অ্যালবামটি প্রকাশ পাবে। মোট ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এরমধ্যে ‘যেতে যেতে কেন পড়ে বাধা’ এবং ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গান দুটি রিমেক করা হয়েছে। গানগুলোর কথা লিখেছেন সাইফুল ইসলাম, কবির বকুল ও মিলন খান। সুর করেছেন সুবীর নন্দী, সেজান মাহমুদ ও পুলক অধিকারী।
গতানুগতিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের চেয়ে এই অনুষ্ঠানটি অনেকটা ভিন্নভাবে করা হচ্ছে। এখানে ৭ জন গুণী সঙ্গীতজ্ঞকে সম্মাননাও জানাবেন তপন চৌধুরী। গানের ভুবনে দীর্ঘ পথচলায় তার আজকের অবস্থানে আসার নেপথ্যে যারা ছিলেন তাদেরকে নিজের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন তিনি।
এ প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ এই পথচলায় আমার পাশে অনেকেই ছিলেন। অনেকের হাত ধরে আমি এগিয়েছি। আমার এই শুভদিনটি তাদের ছাড়া উদযাপন করতে চাই না। তারা যদি আমাকে প্রথম দিকে সুযোগ না দিতেন তাহলে অন্যরকম কিছুও হতে পারতো। সেই হিসেবে আমার জীবনের প্রথমদিকের এ মানুষগুলো নানাভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই দিনটি স্মরণ করে রাখতে এই সম্মাননার আয়োজন করা।’
৭ গুণীজনরা হলেন ‘সোলস’ ব্যান্ডের সুব্রত বড়ুয়া, যিনি তপন চৌধুরীকে সোলস ব্যান্ডে এনেছেন। এখানে তার গাওয়া জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’। গানটির গীতিকার-সুরকার নকিব খান ও পিলু খান। প্রথম অডিও অ্যালবাম ‘তপন চৌধুরী’র সুরকার আইয়ুব বাচ্চু। প্রথম গাওয়া সিনেমার গান ‘ভাত দে’র পরিচালক আমজাদ হোসেন। প্রথম সিনেমার গান ‘কত কাঁদলাম, কত গো সাধলাম’-এর সুরকার আলাউদ্দিন আলী এবং ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গানের গীতিকার ও সুরকার তাজুল ইমাম।
ইত্তেফাক/এমএআর
