চীনের রাজধানী বেইজিংয়ে বায়ু দূষণের কারণে চলমান অরেঞ্জ অ্যালার্ট আরো তিনদিন বাড়ানো হবে। এছাড়া নগরীতে ঘন কুয়াশা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।
বেইজিং পৌর পরিবেশ সুরক্ষা ব্যুরো সোমবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জারি করা অরেঞ্জ অ্যালার্ট বুধবার মধ্যরাতের আগে তোলা হচ্ছে না।
বিবৃতিতে বলা হয়েছে, ধীর ঠাণ্ডা বাতাসের কারণে সোমবার বায়ুর গুণগত মানের উন্নতি হলেও মঙ্গল ও বুধবার ফের বায়ুদূষণের মাত্রা বাড়বে।
বায়ুদূষণের মাত্রা হ্রাসে বেশ কিছু জরুরি অবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ব্যাপক আকারে বায়ু দূষণকারী গ্যাসোলিন চালিত যানবাহন এবং নির্মাণ বর্জ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন হ্রাসের বিবেচনাও করা হচ্ছে।
বায়ুদূষণের কারণে বেইজিংয়ে চার স্তরের সতর্কতা জারি করা হয়। সবচেয়ে বেশি দূষণের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে অরেঞ্জ, ইয়োলো ও ব্লু অ্যালার্ট।-সিনহুয়া।
ইত্তেফাক/এএসএস
