ইস্তাম্বুল হামলায় কানাডিয়ান নাগরিক নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৩:৩৮
 
ইস্তাম্বুলে নৈশক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনকালে হামলায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে এক কানাডিয়ান নারী রয়েছে। রবিবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একথা নিশ্চিত করেন। এ হামলায় ৩৯ জন নিহত হয়েছে।
 
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইস্তাম্বুলের নৈশক্লাবে বর্ষবরণ উদযাপনের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে এক কানাডিয়ান নাগরিকও রয়েছে।’
 
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমরা কানাডিয়ান নাগরিকের প্রাণহানিতে ব্যথিত হওয়ার পাশাপাশি অত্যন্ত ক্ষুব্ধ। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই ও এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে থাকার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’
 
কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিহতদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।’
 
ইস্তাম্বুলের ওই হত্যাযজ্ঞে বেশ কয়েকজন বিদেশী নাগরিকও প্রাণ হারিয়েছে। বাসস।
 
ইত্তেফাক/আরএ