নীলফামারীর জলঢাকায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক অধ্যাপক। দীর্ঘদিন ধরে বেতন বন্ধসহ বিভিন্ন অভিযোগ করেন উপজেলার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের অধ্যাপক ধনেশ্বর রায়।
অভিযোগে জানা যায়, কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত দীর্ঘদিন যাবৎ ওই অধ্যাপকের বেতন বন্ধসহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই অধ্যাপক।
তিনি আরও অভিযোগে বলেন, অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পায় ওই অধ্যক্ষ। অধ্যক্ষ নিয়োগের বিরুদ্ধে গত আগষ্ট মাসে মহামান্য হাইকোটে একটি রিট আবেদন করি। আর এই মামলাই আমার জন্য কাল হলো। গত সেপ্টেম্বর মাস থেকে কোন বেতন পাচ্ছি না। অধ্যক্ষ বেতন শিটে কখনও টাকার পরিমাণ উল্লেখ করেন না। কখনওবা ব্যাংকে আলাদা নোট দিয়ে আমার বেতন বন্ধ করে দেন। টাকার অভাবে চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় আমার একটি সন্তান আজ অন্ধের পথে।
অভিযুক্ত অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বলেন, আগামী ম্যানেজিং কমিটির মিটিংয়ে তাকে বরখাস্ত করা হবে। আর বেতন বন্ধের বিষয়ে সভাপতি জানেন। এ বিষয়ে সোমবার প্রতিষ্ঠান সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, প্রতিষ্ঠানটিতে অনেক সমস্যা বিরাজ করছে। আগামী গভর্ণিং বডির মিটিংয়ে তার বেতনের বিষয়টিও আলোচনা হবে।
ইত্তেফাক/এএন
