রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার সকালের দিকে ধসে পড়া অংশে আগুন হঠাৎ তীব্র হয়েছে। ধসে পড়েছে আরো একটি অংশ।
আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। এর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিট।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে ডিএনসিসি মার্কেটে। সকালে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ করেই আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন ছড়িয়ে পড়েছে পাশের কাঁচাবাজার ও কমার্স মার্কেটেও।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরশেনের মেয়র আনিসুল হক বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক ক্রটি থেকে আগুন লাগতে পারে। এখানে অনেক বেশি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) আবদুল আহাদ জানিয়েছে, মার্কেটে বাইরের কোন লোক ঢুকে যাতে কিছু না নিয়ে যেতে পারে সেজন্য প্রতিটি গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
