আওয়ামী লীগ দুর্নীতি করে, আর সে কারণেই গণমানুষের কণ্ঠরোধের হুমকি দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে’ মন্তব্য করায় তথ্য-প্রমাণ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার হুমকি দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই হুঁশিয়ারি গণতন্ত্রের জন্য হুমকি। এটি আওয়ামী সংস্কৃতির বহিঃপ্রকাশ। মূলত আতঙ্ক থেকেই তাদের মধ্যে হুমকি প্রবণতা দেখা যায়। এটিই স্বৈরাচারদের আচরণ।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এটি শুধু বিএনপি নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমও তুলে ধরেছে। অথচ প্রকাশ্যে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে তাকে স্বয়ং রাষ্ট্রপ্রধান দেশপ্রেমিক বলে অভিহিত করেন। সেখানে আর কত প্রমাণ দেব, তথ্য প্রমাণ দেয়ার কোনো অবকাশ আছে কী?
জালিয়াতির উপর নির্ভরশীল হয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে অভিযোগ করে রিজভী বলেন, কোমলমতি শিশুদের বিনামূল্যে বই বিতরণের নামে প্রতারণা চলছে। শিক্ষামন্ত্রী ঘটা করে বই বিতরণের উৎসব করলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা ছাড়া বই পাচ্ছে না শিশুরা। এমন অভিযোগ পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। তাই আমি বিএনপির পক্ষ থেকে উৎসবের নামে কোমলমতি শিশুদের সঙ্গে বই বিতরণে প্রতারণা ও তামাশা বন্ধের জোর দাবি জানাচ্ছি।
রিজভী বলেন, প্রতিটি অপকর্মের হিসেব রেজিষ্ট্রি থাকছে। দেশবাসীকে এগুলোর হিসেব দিতেই হবে। ৫ জানুয়ারি দলীয় কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। বিএনপি প্রত্যাশা করে সরকার ও প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে।
ইত্তেফাক/এমআই
