রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ সুপার মার্কেট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার সকালে মার্কেটের চারতলার গাড়ি রাখার স্থানের পাশের সিঁড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির হাত-পা ভাঙ্গা ছিল। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এদিকে গত সোমবার দিবাগত রাতে মগবাজারের নয়াটোলা থেকে অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাশেদ খলিফা (২০)। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজিজ সুপার মার্কেটের চারতলার সিঁড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, নিহত ব্যক্তির হাত-পা ভাঙ্গা ছিল। এসব দেখে দুই ধরনের ধারণা হচ্ছে। হয় তাকে কেউ উপর থেকে ফেলে দিয়েছে অথবা তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে। পুলিশ দুটি বিষয়ই মাথায় রেখে ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে তার পরিচয় জানার চেষ্টা করছে।
এদিকে রমনা থানার এসআই মেহেদী হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ১৪৯/৩ নম্বর নয়াটোলা বাসা থেকে রাশেদ খলিফার লাশ উদ্ধার করা হয়। রাশেদ খলিফা নার্সিঙ এ লেখা পড়া করতেন। তার বাবার নাম আব্দুল হাকিম খলিফ। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর কলাবাড়িয়া এলাকায়।
ইত্তেফাক/এমআই
