ব্রাজিলের মানাউস শহরের কারাগার থেকে পালানো এক বন্দি ব্রায়ান ব্রেমার ফেসবুকে দম্ভভরে একের পর এক সেলফি পোস্ট করে যাচ্ছে। রবিবার মানাউসের দুইটি কারাগার ভেঙ্গে দুই শতাধিক বন্দী পালিয়েছে।
ব্রেমার ডাকাতির অভিযোগে সাজা কাটছিল। ছবিতে দেখা যায় ঘন জঙ্গলের মধ্যে ব্রায়ান সহ কয়েকজন পলাতক আসামি আঙ্গুল উঁচিয়ে সেলফি তুলছে। ব্রেমার কারাগারে থাকার সময়েও ফেসবুকে সক্রিয় ছিল। পালানোর পরে তার তোলা সেলফি ভাইরাল হয়ে গেছে। ব্রেমার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সি পরিহিত অবস্থায় সেলফি পোস্ট করে লেখেন, জেল থেকে পালিয়ে দৌড়াচ্ছি। দ্বিতীয় আরেকটি ছবিতে দেখা যায় ব্রেমার ও অন্য আরো চার জন ফল খাচ্ছে।
রবিবার আমাজোনাস প্রদেশের মানাউস শহরের আন্তোনিও ত্রিনদাদ কারাগার থেকে ব্রায়ানসহ ৭১ বন্দি পালায়। এরপরেই আনিসিও জবিম কারাগারে রক্তাক্ত দাঙ্গায় ৫৬ জন নিহত হয়। সেখান থেকে পালায় আরো ১১২ জন বন্দি।
IMG0
ব্রেমারের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার পরে তার নামে ব্যঙ্গ করে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ব্রেমার ও অন্য আরেক বন্দির তোলা সেলফি ছবি ব্যবহার কারাগার পলাতক কাহিনী নিয়ে নির্মিত বিখ্যাত সিনেমা শশ্যাঙ্ক রিডেম্পশন ও টিভি সিরিজ প্রিজন ব্রেক এর অনুকরণে মিম তৈরি করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় যখন এই বিষয় নিয়ে হাসি-তামাশা চলছে তখন কর্মকর্তারা পলাতক বন্দিদের আটকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখন পর্যন্ত ৪০ জনকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ যাদের মধ্যে ব্রেমারের সঙ্গে সেলফি তোলা এক বন্দিও রয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
