তুরস্কে হামলাকারীকে ধরতে অভিযান, গ্রেফতার ১২

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৫৬
ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর খোঁজে অভিযান আরও জোরদার করেছে তুর্কি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমাস জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছে হামলাকারীর ফিঙ্গারপ্রিন্ট ও প্রাথমিক বর্ণনা রয়েছে। সন্দেহভাজনকে ‘দ্রুততার’ সঙ্গে শনাক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
 
গত রবিবার ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ইস্তাম্বুলের জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলা চালায় অস্ত্রধারী এক ব্যক্তি। নতুন বছরকে স্বাগত জানাতে ক্লাবটিতে জড়ো হওয়া প্রায় ৬শ’ লোকের ওপর বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই হামলাকারী। হামলার পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। পুলিশ হামলাকারী সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।
 
এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের উপপ্রধানমন্ত্রী কুর্তুলমাস বলেন, ‘ওই সন্ত্রাসীর হাতের ছাপ ও দেখতে কেমন এসব তথ্য পাওয়া গেছে।  পরবর্তী পদক্ষেপ হবে, যত দ্রুত সম্ভব তাকে শনাক্ত করার চেষ্টা করা। আমাদের আশা, ওই সন্ত্রাসীকে খুঁজে পাওয়ার পাশাপাশি তার সঙ্গে যাদের যোগাযোগ আছে এবং ক্লাবের ভিতরে ও বাইরে থেকে যারা তাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে খুঁজে পাওয়া যাবে।’
 
তুর্কি পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীর নতুন কিছু ছবি প্রকাশ করেছে। তবে ওই ছবি তোলার সময় বা এলাকা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। এছাড়া দেশটির সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সন্দেহভাজন বন্দুকধারীকে কাচের ওপার থেকে এক কর্মকর্তাকে তার পরিচয়পত্রের নথি হস্তান্তর করতে দেখা যায়। তবে সেখানেও কোনো সময় ও স্থানের উল্লেখ নেই। বিবিসি বলছে, এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। তবে তুরস্কের সংবাদমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানায়, ওই হামলাকারী উজবেকিস্তান বা কিরগিজস্তানের নাগরিক হতে পারে। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ