সুউচ্চ ভবন করতে কাছে জলাধার রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০২:১৭

যে কোনো সুউচ্চ ভবন করার সময় আশপাশে জলাধার রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনবলের অভাবে কোনো উন্নয়ন প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 
মন্ত্রী জানান, জনবলের অভাবে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। প্রকল্প অনুমোদনের আগে জনবলের বিষয়টি নিশ্চিত করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়সহ বঙ্গবন্ধু সাফারি পার্কের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন বলেও জানান তিনি।
 
গতকাল একনেক সভায় ২ হাজার ৪৭৪ কোটি ৬৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ১৫৯ কোটি টাকা ব্যয় সম্বলিত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গ্লোবাল প্লাটফর্মে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলা কম্পিউটিং প্রতিষ্ঠা করা হবে। আইসিটি সহায়ক বাংলা ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য প্রমিতকরণ, বাংলা কম্পিউটিং এর জন্য প্রয়োজনীয় টুলস, কারিগরি ও বিষয়বস্তু উন্নয়ন এবং আইসিটিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ ও আধুনিকায়নের জন্য একটি সমীক্ষা করা হবে। তথ্য প্রযুক্তিতে বাংলাভাষা সমৃদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধীরাও যাতে তথ্য প্রযুক্তিতে এ সুবিধা পেতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সফটওয়্যার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রধান করেছেন।
 
গতকাল একনেক সভায় দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ৮৮৮ কোটি ৭৮ লাখ টাকার এই প্রকল্পটি ভূমি অধিগ্রহণ জটিলতা, নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য কারণে ব্যয় বৃদ্ধি করে ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
 
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো ৫৮৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প। এ প্রকল্পে ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় ৪৭২ কোটি ৩০ লাখ টাকা পাওয়া যাবে। অনুমোদন দেওয়া হয়েছে ১২০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উত্সবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৮০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ভোলা জেলার মেঘনা নদীর ভাঙন হতে মনপুরা উপজেলাধীন রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা এবং তেঁতুলিয়া নদীর ভাঙন হতে চরফ্যাশন উপজলাধীন ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা রক্ষা প্রকল্প, ৭০ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

ইত্তেফাক/এএন