দাউদের ১৫ হাজার কোটি রুপি বাজেয়াপ্ত করল আরব আমিরাত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:১৫
দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন। এত বছরের প্রচেষ্টাতেও তাকে গ্রেফতার করতে পারেনি ভারত সরকার। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাহায্যে বিদেশে বহাল তবীয়তে রয়েছে দাউদ। সেখান থেকেই আন্ডারওয়ার্ল্ডে নিজের দাপট বজায় রেখেছেন এই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। তবে এবার কিঞ্চিৎ বেকায়দায় পড়েছেন এই কুখ্যাত ডন।
 
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশের প্রশাসন।
 
মঙ্গলবার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, ভারত সরকার ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণ হামলার মূল-হোতা দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু এত বছরের প্রচেষ্টা সত্ত্বেও আজও এই কুখ্যাত গ্যাংস্টারের হাতে হাতকড়া পরানো সম্ভব হয়নি।
 
সূত্রের খবর, এই পুরো ঘটনাটির পিছনে পরোক্ষভাবে হাত রয়েছে নরেন্দ্র মোদীর। সংযুক্ত আরব আমিরাত সফরের সময় মোদী ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দেওয়া এক গোপন নথির উপর ভিত্তি করেন এই পদক্ষেপ নিয়েছে আরব প্রশাসন।
 
গত এক বছর ধরে তদন্ত ও অনুসন্ধানের পর অবশেষে দাউদের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার।
 
বহুদিন বাইরে থাকলেও দাউদের ক্ষমতার জাল আজও ছড়ানো ভারতে। মুম্বাইয়ের সিনেমা জগৎ ও বলিউডে তার প্রভাব স্পষ্ট। বিভিন্ন সময় ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে আপত্তি ও প্রযোজকদের কাছে দাউদের টাকার চাহিদা বার বার তাকে শিরোনামে এনেছে।
 
ইত্তেফাক/এএম