ছাত্র সংসদ নির্বাচন দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান সেতুমন্ত্রীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৭:০৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
 
এসময় ওবায়দুল কাদের বলেন, 'শিক্ষামন্ত্রীকে বলব, ক্যাম্পাসে যদি গণতন্ত্রচর্চার একটা সুন্দর চমৎকার পরিবেশ গড়ে তুলতে চান, তাহলে ঢাকসুসহ সকল ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।'
 
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
 
নির্বাচন যখন থাকবে, তখন যারা প্রার্থী হবে, তখন তারা ভাববে আমি যদি খারাপ আচরণ করি তাহলে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবে না। কাজেই ছাত্র সংসদ নির্বাচন দরকার বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করে বলেন, 'আজকে ২৫ বছর ধরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে আছে সকল ছাত্র সংসদ। খোলা থাকলে অন্তত ৫০জন নেতা তৈরি হতো। তাই ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস