খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে: মতিয়া

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২১:৪৮
কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাই আমাদেরকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে।'
 
তিনি বলেন, 'কৃষিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে না পারলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই কৃষির উন্নয়নে তথ্য প্রযুক্তি কাজে লাগাচ্ছে বর্তমান সরকার।'
 
বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ীস্থ আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণের উদ্ভাবিত ৩টি সেবা অর্থাৎ এসকল মোবাইল অ্যাপ ভিত্তিক সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী একথা বলেন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) যৌথভাবে এই অনুষ্ঠানেরে আয়োজন করে।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ্, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন, এবং এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী।
 
কৃষিমন্ত্রী মোবাইল অ্যাপ ভিত্তিক তিনটি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এগুলো উদ্ভাবন করেছেন তিনজন উপজেলা কৃষি কর্মকর্তা। 'বালাই নাশক নির্দেশনা' সুকল্প দাস, 'কৃষকের জানালা' আব্দুল মালেক ও 'কৃষকের ডিজিটাল ঠিকানা' নামে সেবাটি শাহাদাত হোসেন সিদ্দিকী উদ্ভাবন করেন। অনুষ্ঠানে এই তিন কর্মকর্তাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
 
বেগম মতিয়া চৌধুরী বলেন, 'এসকল মোবাইল অ্যাপ ভিত্তিক সেবাগুলোকে কৃষকের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। এমনিতেই আমাদের কৃষক নিজেরাই উদ্ভাবন করেন।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস