বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল ৬০৫৫ প্রাণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭
 
বিদায়ী বছর ২০১৬ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেছে ৬ হাজার ৫৫ মানুষের প্রাণ। ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় এসব মানুষ মারা যান। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। এছাড়া হাত পা বা অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন ৯২৩ জন।
 
এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সংগঠনটি বলছে, বেপরোয়া গাড়ি চালানো, চালকদের বেপরোয়া মনোভাব, বিপদজনক অভারটেকিং সহ নানাবিধ কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
 
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৬ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। প্রতিবেদনাটি প্রকাশ করেন  সমিতির মহাসচিব  মোজাম্মেল হক চৌধুরী।
 
প্রতিবেদনে আরো উল্লেখ্য করা হয়, ২০১৫ সালে ৬ হাজার ৫শ’টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬শ’ জন নিহত ও ২১ হাজার ৮৫৫ জন আহত হয়েছেন। যা ২০১৬ সালের তুলনায় বেশি। এত দেখা গেছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে মোট সড়ক দুর্ঘটনা ৩৪.৪৮ শতাংশ, নিহত ২৯.৯৪ শতাংশ এবং আহত ২৭.১৮ শতাংশ কমেছে।
 
সাংবাদিকের প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, প্রকৃত আহত নিহতের সংখ্যা আরো বেশি। কারণ সড়ক দুর্ঘটনার অনেক তথ্যই সংবাদমাধ্যমে আসে না।
 
তিনি আরো বলেন, জিডিপির দেড় শতাংশ এ সড়ক দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাড়ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ছিন্নমূলের সংখ্যা। যা মধ্যআয়ের দেশ গড়তে একটি বড়  প্রতিবন্ধকতা।
 
সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক আকারে প্রচার প্রচারনা, সড়কের পাশের হাটবাজার অপসারণ, জেব্রাক্রসিং অংকন, চালকদের  ট্রেনিংয়ের ব্যবস্থাসহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব  মোজাম্মেল হক চৌধুরী। এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার যদি দরিদ্র হয় সেক্ষেত্রে তাদের ভোরণ পোষণের দায়িত্ব সরকারকে বহন করার প্রস্তাবও জানান তিনি।
 

ইত্তেফাক/এএম।