রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ প্রথমবারের মত ম্যানিলায় পৌঁছেছে। রাশিয়া জানিয়েছে, তাদের নৌবাহিনী ফিলিপাইনের নৌবাহিনীর সাথে সন্ত্রাসবাদ ও জলদস্যুদের দমনে একত্রে সাগরে সামরিক মহড়া করতে চায়। রাশিয়ার একটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং একটি সি ট্যাংকার চারদিনের শুভেচ্ছা সফরে গত মঙ্গলবার ম্যানিলায় পৌঁছায়।
রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের প্রধান রিয়ার এডমিরাল এডওয়ার্ড মিখাইলভ বলেন, রুশ নৌবাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের দক্ষতা প্রদর্শন করবে। সংবাদ সন্মেলনে তিনি বলেন, সাগরে যৌথ মহড়া নিয়ে দুই দেশের নেতৃবৃন্দ আলোচনা করবেন। তিনি জানান, রাশিয়া ইন্দোনেশিযার সাথে যৌথ মহড়া চালাচ্ছে। এডওয়ার্ড মিখাইলভ ফিলিপাইনের সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাসবাদ। এব্যাপারে আমরা কি করতে পারি তা আমরা প্রদর্শন করব।
ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানান, এটি রাশিয়ার নৌবাহিনীর সাথে তাদের প্রথম আনুষ্ঠানিক মিথষ্ক্রিয়া। প্রতিবছর ফিলিপাইনের সাথে যৌথ মহড়া দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। রদ্রিগো দুতের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া বন্ধের ঘোষণা দেন। রয়টার্স
ইত্তেফাক/এএন
