সফল অভিনেত্রী দীপিকার জন্মদিন আজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭
বলিউডের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ। আজ ৫ জানুয়ারী একত্রিশে পা রাখলেন বলিউড সুপারস্টার। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। 
 
১৯৮৬ সালের ঠিক এই দিনে তিনি ডেনমার্কের কোপেনহেগেনে এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর একে একে পার করেছেন ৩০ বসন্ত কিংবা বরষা। 
 
দীপিকার মায়ের নাম উজালা পাড়ুকোন, বাবা প্রকাশ পাড়ুকোন ও বোন আনিশা পাড়ুকোন। বাবা ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। 
 
দীপিকা ২০০৬ সালে কানাড়া ছবি ‘ঐশ্বরা’য় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এর এক বছর পর পা রাখেন বলিউড দুনিয়ায়। ওই বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে কাঙ্খিত অভিষেক ঘটে তার। ওই ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে ছিনিয়ে নেন ফিল্মফেয়ার পুরস্কার। 
 
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একেএকে ‘লাভ আজকাল’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘চাঁদনি চক টু চায়না’, ‘দেশি বয়েজ’, ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। 
 
২০১৩ সালটি বলতে হয় দীপিকার জন্য আশীর্বাদস্বরুপ। ওই বছর বলিউড বক্স অফিসে তাক লাগানো সবকটি ছবিরই অভিনেত্রী ছিলেন তিনি। এরমধ্যে ছিল চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জওয়ানি হ্যায় দেওয়ানি, রামলীলার মতো সব সুপারডুপার হিট ছবি। 
IMG0
২০১৪ সালে মুক্তি পায় হ্যাপি নিউ ইয়ার, ২০১৫ তে  পিকু, তামাশা, বাজিরাও মাস্তানি মুক্তি পায়। সবগুলোই সফলতার মুখ দেখে। এরমধ্যে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সর্ম্পক নিয়ে সরব রয়েছেন মিডিয়ায়।
 
সাফল্যের পুরস্কার হিসেবে দীপিকা পাড়ুকোন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
 
বলিউডের ব্যাপক সাড়া জাগানোর পর গত বছর থেকে হলিউডেও অভিষিক্ত হন সুপারস্টার দীপিকা। তার অভিনীত ত্রিপল এক্স সিরিজের ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে দীপিকা অভিনয় করেছেন হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে। 
 
ইত্তেফাক/এমএআর