তদন্তের আগেই ‘দুর্ঘটনা’ বলা ভুল ছিল, গুলশানের আগুন প্রসঙ্গে আনিসুল হক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, গুলশান মার্কেটে আগুনের ঘটনার তদন্তের আগেই এটিকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করাটা  ভুল ছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
মঙ্গলবার রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।  অন্যদিকে গুলশান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোর চারটার আগে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায় ডিএনসিসি মার্কেটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা জানায়, মার্কেটের পাহারাদার রাত ২টার সময় আগুন লাগার বিষয়টি জানিয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে এই আগুন লাগে বলেও জানায় তারা।
 
ঘটনার দিন সেখানে উপস্থিত হয়ে আনিসুল হক বলেছিলেন বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুন লেগে থাকতে পারে। আগুনের ঘটনা নাশকতা কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, মেয়র হিসেবে এটা বলা সম্ভব নয়। তবে নাশকতা না হওয়ার সম্ভাবনা ৯৯ ভাগ।
 
এই প্রসঙ্গে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ঘটনার তদন্তের আগেই এটিকে ‘দুর্ঘটনা’ বলা ভুল ছিল।
 
ইত্তেফাক/এসএসএ