গুলিস্তানের হকারদের সঙ্গে আলোচনায় বসবেন দক্ষিণ সিটি মেয়র

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪
রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হকারদের সঙ্গে আলোচনায় বসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার মেয়র সাঈদ খোকন। 
 
তিনি বলেন, গুলিস্তানকে নাগরিকদের চলাচলের উপযোগী করার জন্য যা যা করা দরকার তাই করব। আগামী ১১ জানুয়ারি কিভাবে গুলিস্তান এলাকার ফুটপাত দখল মুক্ত করা যায়, তা নিয়ে হকারদের সঙ্গে আলোচনা করব। 
 
ইতোমধ্যে ৫টি স্থানে হলিডে মার্কেট চালু কারা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, এসব স্থানকে ব্যবসা উপযোগী করা হবে। হকারদের কোনো দাবি থাকলে তা আলোচনা হতে পারে। এভাবেই সমস্যা সমাধান হবে। তিনি বলেন, বল প্রয়োগ করা যায়, আমরা সব সময়ই তা করতে পারি। তবে আলোচনার মাধ্যেমে সমাধানই সর্বোত্তম পন্থা।
 
হলিডে মার্কেটকে কার্যকরি করতে বৃস্পতিবার নগর ভবনে এক অভ্যন্তরীণ সভায় এসব বিষয়ে কথা হয় বলে জানা গেছে। এছাড়া মুক্তাঙ্গন পার্কে পাবলিক টয়লেট উদ্বোধনকালেও একই বিষয়ে কথা বলেন মেয়র।
 
গত ৩০ ডিসেম্বর থেকে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এজিবি কলনির রাস্তার উভয় অংশের ফুটপাত, বাইতুল মোকারম মার্কেটের উত্তর অংশ (লিংক রোড) থেকে দক্ষিণে জিপিও গেট পর্যন্ত রাস্তার পূর্ব অংশ, দিলকুশা বাণিজ্যিক এলাকার সাধারণ বিমা কার পার্কিং থেকে ইউনুছ সেন্টার পর্যন্ত ফুটপাতের অংশ, নবাবপুর রোডের কাপ্তান বাজার মোড় থেকে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত রাস্তার পশ্চিম পাশের জায়গা এবং সেগুন বাগিচা এলাকার কার্পেট গলি থেকে রাজস্ব ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম পাশের জায়গায় হকার বসিয়ে হলিডে মার্কেট চালু করা হয়েছে। শুক্রবারসহ সরকারি ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব মার্কেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 
 
গত শুক্র ও শনিবার এসব এলাকায় গিয়ে নতুন কোনো হকার পাওয়া যায়নি। শুধু শনিবার মৎস ভবনের পাশে হকাররা নতুন ২০/২৫ টি দোকান বসিয়েছিল। তবে আস্তে আস্তে এসব মার্কেটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। 
 
 
ইত্তেফাক/এমআই