বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১২:০১
কলিন মানরোর দুর্দান্ত সেঞ্চুরি ও টম ব্রুসের ফিফটিতে ভর করে বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান সংগ্রহ করেছে।
 
সিরিজ বাঁচানোর ম্যাচে ইনিংসের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই স্বাগতিকদের আরো দুটি উইকেট তুলে নেন টাইগার বোলাররা। কিন্তু এরপরই বাংলাদেশকে রানের নিচে চাপা দিয়েছে নিউজিল্যান্ড।
 
শুক্রবার মাউন্ট মাউঙ্গুইনের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
মাঠে নেমেই দুর্দান্ত এক বেকথ্রু এনে দিয়েছেন মাশরাফি। প্রথম বলেই তুলে নিয়েছেন লুক রনকির উইকেটটি।
 
মাশরাফির পর বিশ্বসেরা  অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের প্রথম ওভারেই আগের ম্যাচের জয়ের নায়ক উইলিয়ামসনকে ব্যক্তিগত ১২ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজধরে ফেরান।
 
সাকিবের পর নিজের প্রথম ওভারেই দুর্দান্ত ব্যাটসম্যান অ্যান্ডারসনকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টাইগারদের উঠতি তারকা মোসাদ্দেক সৈকত।
 
কিন্তু তাতে খুব একটা অসুবিধে হয়নি স্বাগতিকদের। মুনরো একাই দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর তার করা শতকে বাংলাদেশের সামনে তারা ছুড়ে চ্যালেঞ্জিং লক্ষ্য।
 
কিউইদের হয়ে শুরু থেকেই মুনরো দুর্দান্ত খেলছিলেন। তিনি এদিন ৭টি চার ও ৭টি ছক্কার মারে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর টম ব্রুস হার না মানা ৫৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন। এ ইনিংসে তিনি ৩৯ বলে ৫টি চার ও ১টি ছক্কার মার হাঁকান।
 
এছাড়া কিউইদের হয়ে আর কোন ব্যাটসম্যানই উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি। মুনরো ও ব্রুসের পর অধিনায়ক কেন উইলিয়ামসন শুধু দুই অঙ্কের ঘরে পা রাখেন। আর সবাই এক অঙ্কের ঘরে থেকেই ফিরেছে সাজঘরে।
 
বাংলাদেশের হয়ে রুবেল হোসেন ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন। ৪ ওভার বল করে তিনি এদিন রান খরচ করেছেন ৩৭টি।
 
প্রথম ম্যাচে হারের ফলে সিরিজে এখন ১-০ তে পিছিয়ে রয়েছে মাশরাফি বাহিনী। এছাড়া একই ভেন্যুতে টি২০ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ জানুয়ারি।
 
ইত্তেফাক/এএম