বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার খবরে যখন আলমগীর আঁখির জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবরটি শোনেন তখন আঁখিকে কাছে ডেকে খুব আদর করেন এবং আঁখি তার বাবাকে সেবারই জীবনে সবচেয়ে বেশি খুশি হতে দেখেছেন, সবচেয়ে বেশি আবেগাপ্লুত হতে দেখেছেন।
কিন্তু তারপরও আঁখির আফসোস থেকে যায়। কারণ ‘ভাত দে’ চলচ্চিত্রে আঁখি নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। যে কারণে তার বাবার সঙ্গে একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হয়নি।
তাই আঁখিকে তার এই পরিণত জীবনের চাওয়া জানতে চাইলে বলেন, ‘আমি আমার বাবার সাথে এক ফ্রেমে অভিনয় করতে চাই।’ আঁখি তার মনের সুপ্ত বাসনার কথা বলতে গিয়ে বাবার সঙ্গে একই ফ্রেমে অভিনয় করার প্রবল ইচ্ছের কথা জানালেন।
এদিকে সম্প্রতি আঁখি আলমগীর আলাউদ্দিন আলীর সুরে ও শহীদুল্লাহ ফরায়েজীর কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন। ২০ বছর পর আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছেন আঁখি। আসছে বৈশাখে গানটি প্রকাশ পাবে। ২০ বছর আগে আলাউদ্দিন আলীর সুরে আগুনের সঙ্গে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রে গান গেয়েছিলেন।
এদিকে আজ আঁখি আলমগীরের জন্মদিন। তার জন্মদিন উদযাপনের মধ্য দিয়েই তার পরিবারে জন্মদিন উদযাপন শুরু হয়।
আঁখি আলমগীর বলেন, ‘ইচ্ছে ছিল এবার কিছু প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে সেলিব্রেট করার। কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না। তবে এবারের জন্মদিনটি একেবারেই নিজের মতো করে পরিবারের সঙ্গে উদযাপন করবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার অবস্থান থেকে মানবতার জন্য কাজ করে যেতে পারি। কারণ আমি মনে করি শিল্পীর এক সময় মৃত্যু হয়, কিন্তু মানবতার বা মনুষ্যত্বের কোনো মৃত্যু নেই।’
ইত্তেফাক/এমএআর
