সার্চ কমিটি করে ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবে আওয়ামী লীগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:২৭
 
সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব জানাবে আওয়ামী লীগ। আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতিকে দলটির পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও সুপারিশমালা প্রস্তুতি কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
 
সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়েছে যে, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আইন প্রণয়ন চায় আওয়ামী লীগ। তবে সময়ের স্বল্পতার কারণে এবারই আইন না করে এরপর ইসি গঠনে তার বাস্তবায়ন চায় দলটি। ইসি গঠনে রাষ্ট্রপতি যে পদক্ষেপগুলো নেবেন, পরে আইন প্রণয়নে তা অনুসরণ করা যেতে পারে বলে মনে করেন দলটির নেতারা। গতকালের বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু জানান, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের বিষয়ে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হতে পারে।’
 
গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, সংবিধানের মধ্যে থেকেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন চায় আওয়ামী লীগ।
 
দলীয় প্রস্তাব ও সুপারিশমালা চূড়ান্ত করতে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, অ্যাম্বাসেডর মো. জমির, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।