নিরবের বলিউডের ছবি ‘শয়তান’ এর ট্রেলার প্রকাশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭
মাস কয়েক হলো বলিউড শোবিজে নিজের কাজের ছাপ রাখতে ভারতের বেঙ্গালুরু গিয়েছিলেন অভিনেতা নিরব হোসেন। সেখানকার বিভিন্ন লোকেশনে টানা এক মাস শুটিং শেষ করেই আসেন দেশে। সেই থেকেই সিনেমাটি নিয়ে নানা জল্পনা-কল্পনা। ছবিটির নাম ‘শয়তান’। গতকাল নিরবের এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে।
 
দুই মিনিট ছয় সেকেন্ডের সেই ট্রেলারে নিরবের উপস্থিতি প্রশংসিত হয়েছে। শুরুতে ছবির নাম ছিল ‘বালা’। পরে সেই নাম পরিবর্তন করা হয়। 
 
পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ। নিরব-কবিতা ছাড়াও আরো অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।
 
একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। 
 
এ বিষয়ে নিরবের সঙ্গে কথা হলো ইত্তেফাক অনলাইনের। তিনি বলেন, ‘কত বড় কাজ করতে পেরেছি সেটা ভাবার চেয়ে কিছু একটা করতে পেরেছি, এটাই ভাল লাগছে। এটা আমার ক্যারিয়ারের জন্য অন্যতম বড় অর্জন।’
 
তবে দেশের চলচ্চিত্র শিল্পাঙ্গনের কিছু জায়গা থেকে এ ধরণের কাজে উদ্বুদ্ধ করার পরিবর্তে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও কিছুটা ক্ষোভ রয়েছে এ জনপ্রিয় অভিনেতার। তবে সবকিছু উৎরিয়ে নিজের কাজকে নিয়ে সামনে এগুতে চান নিরব। 
 
ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। আর মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। 
 
এ ছাড়াও এখানে অভিনয় করেছেন আমিতা নানজিয়া, আসিফ বাসরা, ইতি আচারিয়া, শিশুশিল্পী বেবি তাসমিয়া। 
ইত্তেফাক/এমএআর