‘বরফে পিছলে পড়তে না চাইলে পেঙ্গুইনের মতো হাঁটুন’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৯:৩১
বরফে পিচ্ছিল রাস্তায় আছড়ে পড়ার হাত থেকে বাঁচতে জনগণকে পেঙ্গুইনের মতো হাঁটার পরামর্শ দিয়েছেন অর্থোপেডিক চিকিৎসকরা। শীতের সময় দুর্ঘটনা এড়িয়ে চলতে জার্মানির ট্রমা ও অর্থোপেডিক্স সার্জনদের ওয়েবসাইটে এই পরামর্শ দেয়া হয়েছে।  
 
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জার্মানিজুড়ে বেশ কিছুদিন তুষারপাত হতে পারে। শনিবারে সে দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আর এই সময়ে বাড়তে পারে বরফে পিছলে হাত-পা ভাঙ্গার মতো দুর্ঘটনা। আর এই সময়ে দুর্ঘটনা এড়াতে পেঙ্গুইনের মত হাঁটার পরামর্শ দিলেন চিকিৎসকরা।  
 
অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারির সোসাইটির জার্মান ওয়েবসাইটে বলা হয়, জলজ পাখিরা মাথা সামনে এগিয়ে হাঁটে যাতে ভরকেন্দ্র সামনের পায়ে থাকে। একই তথ্যসূত্রে বলা আছে মানুষ যখন হাঁটে তখন তার দুই পায়েই সমান ভর থাকে যা পিচ্ছিল পথে পরে যাবার সম্ভাবনা বাড়ায়।
 
এর আগে ২০১৪ সালে আবহাওয়ার সতর্কতা বার্তার পরেও বার্লিন পৌর কর্তৃপক্ষ পর্যাপ্ত বরফ সরাতে ব্যার্থ হওয়ায় সমালোচিত হয়। ফলশ্রুতিতে, জরুরি উদ্ধার কার্যক্রম ৭৫০ এরও বেশি পিছলে পরে হাঁড় ভাঙ্গা বিষয়ক কল পায় এবং কেন্দ্রীয় হাসপাতালের জরুরি বিভাগে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রয়টার্স।
 
ইত্তেফাক/এএস/এসএসএ