আবারো বাংলাদেশকে ১৯৫ রানের বড় লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:১৭
 
আবারো বাংলাদেশের বিরুদ্ধে ১৯৪ রানের বড় স্কোর গড়েছে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটের পার্টনারশিপে করি এন্ডারসনের ঝড় ও ওপেনার কেন উইলিয়ামসনের দৃঢ় ব্যাটিংয়ের কল্যাণে এই রান করে স্বাগতিকরা।
 
মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল মাঠে হওয়া টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। এ সময় ২৪ বলে ৩১ রানের পার্টনারশিপ গড়ে বেশ ভাল সূচনার আভাস দেয় নিউজিল্যান্ডের ওপেনার জুটি। কিন্তু রুবেলের জোড়া আঘাত ও মোসাদ্দেকের আঘাতে ৩৬ বলে ৪১ রান করে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এ সময় নিউজিল্যান্ডের ওপর চেপে বসার চেষ্টা করে বাংলাদেশ কিন্তু সেই চাপের মুহূর্তে গা ঝাড়া দিয়ে ওঠেন করি এন্ডারসন।  তার সঙ্গে অপর প্রান্ত আগলে রাখেন উইলিয়ামসন। ৫৭ বলে ৬০ রান করে রুবেলের বলে উইলিয়ামসন সাজঘরে ফিরলেও ক্রিজে টিকে ছিলেন এন্ডারসন।  বাংলাদেশের বোলারদের শাসন করে ৪১ বলে ৯৪ রান করেন তিনি। নিজের ইনিংসটি সাজিয়েছেন ২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে।
 
এদিকে বাংলাদেশের পক্ষে একমাত্র সফলতা দেখিয়েছেন রুবেল হোসেন। ২৪ বলে ৩১ রান দিয়ে তিনি নিয়েছেন ৩টি উইকেট। দলের পক্ষে ছয়ের কম রান রেটে বল করা একমাত্র বোলার সাকিব আল হাসান।
 
১৯৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করবে বাংলাদেশ।
 
ইত্তেফাক/আরএ