ভাল শুরুর পরও হার বাংলাদেশের

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:৫৮
 
ভাল শুরুর পরও মিডেল অর্ডারদের ব্যর্থতায় টি-২০ সিরিজের শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ১৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে হাতে আরো ৪ উইকেট রেখে ১৬৭ রানে থমকে যায় বাংলাদেশের ইনিংস।
 
মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল মাঠে হওয়া টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। এ সময় ২৪ বলে ৩১ রানের পার্টনারশিপ গড়ে বেশ ভাল সূচনার আভাস দেয় নিউজিল্যান্ডের ওপেনার জুটি। কিন্তু রুবেলের জোড়া আঘাত ও মোসাদ্দেকের আঘাতে ৩৬ বলে ৪১ রান করে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এ সময় নিউজিল্যান্ডের ওপর চেপে বসার চেষ্টা করে বাংলাদেশ কিন্তু সেই চাপের মুহূর্তে গা ঝাড়া দিয়ে ওঠেন করি এন্ডারসন।  তার সঙ্গে অপর প্রান্ত আগলে রাখেন উইলিয়ামসন। ৫৭ বলে ৬০ রান করে রুবেলের বলে উইলিয়ামসন সাজঘরে ফিরলেও ক্রিজে টিকে ছিলেন এন্ডারসন।  বাংলাদেশের বোলারদের শাসন করে ৪১ বলে ৯৪ রান করেন তিনি। নিজের ইনিংসটি সাজিয়েছেন ২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে।
 
এদিকে বাংলাদেশের পক্ষে একমাত্র সফলতা দেখিয়েছেন রুবেল হোসেন। ২৪ বলে ৩১ রান দিয়ে তিনি নিয়েছেন ৩টি উইকেট। দলের পক্ষে ছয়ের কম রান রেটে বল করা একমাত্র বোলার সাকিব আল হাসান।
 
ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারের ঝড়ো সূচনায় দুর্দান্তভাবে এগিয়ে যায় বাংলাদেশ। পঞ্চম ওভারে দলীয় ৪১ রানে তামিমের বিদায়ের পরও রানের গতি সচল রাখেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সৌম্য ব্যক্তিগত ৪২ রানে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দি হন ইস সোধির বলে। ২ উইকেট হারিয়ে দলীয় রান তখন ৮২। এরপর একের পর এক বল মোকাবেলা করেও রানের চাকা সচল রাখতে ব্যর্থ হন সাব্বির ও সাকিব। দলীয় ৯৭ রানে সাব্বিরের বিদায়ের পর রানের চাকা সচল রাখার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তার বিদায়ের পর সাকিব আল হাসান নষ্ট করে বসেন বেশ কিছু বল। শেষ সময়ে অসাধারণ কিছু শটের মাধ্যমে রানের চাকা সচল করলেও বাংলাদেশের জন্য প্রয়োজনীয় রানরেট বজায় রেখে ব্যাট করতে ব্যর্থ হন এই অল রাউন্ডার। উল্টো শেষ ওভারে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।  ফলে ১৬৭ রানে ৪ উইকেট হাতে রেখেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
 
নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন সোধি। এছাড়াও ২ উইকেট নেন বোল্ট।
 
ইত্তেফাক/আরএ