কিউবার বিপ্লবী নেতা ও স্বরাষ্ট্র মন্ত্রী কার্লোস ফার্নান্দেজ গন্ডিন আর নেই। তার বয়স হয়েছিল ৭৮ বছর। কঠিন অসুখে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে তিনি মারা যান।
১৯৩৮ সালে পূর্বাঞ্চলের সান্টিয়াগো নগরীতে তার জন্ম। তিনি কিউবার সামরিক বাহিনীর কর্মকর্তাও ছিলেন। গন্ডিন অল্প বয়সেই কিউবার বিপ্লবের জনক ফিদেল কাস্ত্রোর ২৬ জুলাই মুভমেন্টে অংশ নিতে শুরু করেন।
এরপর তিনি বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নেতৃত্বাধীন সেকেন্ড ফ্রন্টের 'রেবেল আর্মি'তে যোগ দেন। ১৯৫৯ সালে বিপ্লব জয়ী হওয়ার পর তিনি রেভ্যুলিউশনারি আর্মড ফোর্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬১ সালে তিনি বে অব পিগস হামলার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন। কিউবায় যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক হামলার নাম ছিল বে অব পিগস। গন্ডিন অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন। তিনি পরবর্তীতে ডিভিশনাল জেনারেল র্যাংক ব্যাজ পান এবং ১৯৯৩ সাল পর্যন্ত পার্লামেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন। বিপ্লবে অসামান্য অবদান ও নেতৃবৃন্দের প্রতি বিশ্বস্ত থাকার জন্য সাবেক সামরিক এ কর্মকর্তা 'হিরো অব দ্য রিপাবলিক অব কিউবা' পদকে ভূষিত হন।
ইত্তেফাক/এসএস
