সংসদ সদস্য ভবনগুলোর প্রত্যেক ফ্ল্যাটে জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন খুন হওয়ায় অন্য এমপিদের নিরাপত্তা জোরদারে এই সুপারিশ করা হয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউর পাশে অবস্থিত ন্যামভবন থেকে সংসদে যাতায়াতের জন্য টানেল, ন্যামভবনে গাড়ি চালকদের বসার জন্য ছাউনি এবং গাড়ি পার্কিংয়ের স্থান নির্মাণসহ শোভাবর্ধনমূলক স্থাপনা নির্মাণেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।
বৈঠকে কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ন্ত্রণাধীন আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে। গৃহায়ন কর্তৃপক্ষের ও রাজউকের সকল প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দের জন্য একটি যুগোপযোগী বরাদ্দ নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করেছে কমিটি। এলাকা ভেদে বরাদ্দ নীতিমালা পরিবর্তন করা হলেও ক্যাটাগরি ও কোটার হার অপরিবর্তীত রাখারও সুপারিশ করে কমিটি।
এছাড়া সংসদীয় কমিটি বাংলাদেশের ভূমির গঠন, ভূমিকম্প প্রবণ এলাকা এবং পরিবেশ ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে। বৈঠকে যে কোনো প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত জমি মালিকদের প্রথমে পুনর্বাসনের সুপারিশ করা হয়। ভবিষ্যতে প্লট বরাদ্দের পরিবর্তে ফ্ল্যাট বরাদ্দের প্রকল্প বেশি করে গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
ইত্তেফাক/এমআই
