এমপি লিটন হত্যা : সাবেক উপজেলা চেয়ারম্যন রিমান্ডে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২০:০৯
এমপি মঞ্জরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতারকৃত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন আহসান হাবীব মাসুদের (৪৪) সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
রবিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন। 
 
এদিকে রবিবার দুপুর ১২টায় এমপি লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আরো ৬ জামায়াত নেতাকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
 
অন্যদিকে এই হত্যা মামলায় রবিবার বিকালে উপজেলার পূর্ব অঞ্চলের উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 
 
আহসান হাবীব মাসুদ সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার আফতাব উদ্দিন প্রামানিকের ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।  
 
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, রবিবার সকালে লিটন হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে গাইবান্ধা আদালতে পাঠানো হয় এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে রবিবার বিকেল ৬টার দিকে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/ইউবি