মিথ্যাচার করে অস্থিতিশীল করবেন না: বিএনপিকে হানিফ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২০:৫০
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মিথ্যাচারের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান।
 
বিএনপির উদ্দেশ্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, 'মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করবেন না। কারণ দেশের মানুষ কখনো তা মেনে নেবে না।'
 
'দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পক্ষে এবং সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে' এমনটি দাবি করে তিনি বলেন, 'তারা বিএনপি-জামায়াতের যে কোন সন্ত্রাস ও নাশকতার জবাব দেয়ার জন্য প্রস্তুত।'
 
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সামশুল আলম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। -বাসস।
 
ইত্তেফাক/এসএস