গতকালই ইনজুরিতে পড়ে একটা খারাপ খবর দিয়েছেন সমর্থকদের।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে আরো কষ্টের একটা খবর পেতে যাচ্ছে বাংলাদেশ। তার দাবি, বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি গতকালই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
গতকাল একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাত্কারে বিসিবি সভাপতি বলেছেন, তাকে এই খবর জানিয়েছেন নিউজিল্যান্ডে অবস্থানরত বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তবে এ ব্যাপারে সরাসরি কথা বলার চেষ্টা করা হলে নাজমুল হাসান পাপনকে পাওয়া যায়নি। তিনি একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। তার একজন ব্যক্তিগত সহকারী জানান যে, তাকে আসলে ‘মিসকোট’ করা হয়েছে। তিনি মাশরাফির অবসরের কোনো ইঙ্গিত দেননি।
বাংলাদেশের টি-টোয়েন্টি অভিষেকে ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু মাশরাফির। ২০১৪ সালের নভেম্বর থেকে ওয়ানডের পাশাপাশি এই ফরম্যাটেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ইত্তেফাক/এএন
