পথচলার চার দশক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০১:১৬

সঙ্গীত জীবনে চল্লিশ বছরেরও বেশি সময় পার করেছেন এদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। বিষয়টিকে উপজীব্য করে ‘বাংলা ঢোল’ আয়োজন করে একটি বিশেষ অনুষ্ঠান। এটি তপন চৌধুরীর সঙ্গীত জীবনের চার দশকের অনুষ্ঠান। তেরো বছর পর তপন চৌধুরীর ২১তম নতুন একক অ্যালবাম ‘ফিরে এলাম’-এর প্রকাশনা এবং তপন চৌধুরীর সঙ্গীত জীবনের প্রথম ৭ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রদের এক মিলনমেলাই যেন অনুষ্ঠিত হয়ে গেল গত ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে। অনুষ্ঠানে তপন চৌধুরীকে আশীর্বাদ জানাতে উপস্থিত হয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, ফরিদ আহমেদ, সঙ্গীত ব্যক্তিত্ব রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, সুমনা হক, সাবাতানি, ঝুমু খান, মানাম আহমেদ, শমী কায়সার, আলম আরা মিনু, বাদশা বুলবুল, শওকত আলী ইমন, কবির বকুল, মেহরীন, এসডি রুবেল, অনুপমা মুক্তি, শফিক তুহিন, ক্লোজআপ তারকা সাব্বির, কিশোর দাশ, পুলকসহ অনেকে। অনুষ্ঠানটির শুরুতেই সঞ্চালনা করেন ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। পুরস্কার বিতরণী পর্বের উপস্থাপনা করেন সাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঞ্চে উঠে তপন চৌধুরী প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তপন চৌধুরী আমার খুব, খুব প্রিয় একজন শিল্পী। তার গানে বাংলাদেশে আধুনিক গানের এক অন্যরকম শুভ সূচনা হয়েছে। শুধু আধুনিক গানেরই নয়, আধুনিক গানে ফোকের সংমিশ্রণ ঘটিয়ে সেই গান শ্রোতাদের মনে গেঁথে দিয়েছেন তপন। আমি তার গানের ভীষণ ভক্ত। আজকের দিনে সঙ্গীতের রথী মহারথীদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে সঙ্গীতাঙ্গনের সবাই তপনকে কতটা ভালোবাসে।’ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘তপন খুব বুঝেশুনে গান করে। আমি একটা কথা খুব বিশ্বাস করি আওয়াজ, আন্দাজ এবং রেওয়াজ যার ঠিক থাকবে আজীবন তার গান ভালো হবে, শ্রোতারাও তার গান ভালোভাবে নেবেন। তপন নিশ্চয়ই এই ৩টি ঠিকভাবে করে বলেই তার গান এখনো শ্রোতারা আগ্রহভরে শোনেন।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। তপন চৌধুরী বলেন, ‘আমি এক কথায় অবিভূত, মুগ্ধ। বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসেন তা নিজের চোখে দেখে গেলাম। সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা।’ তপন চৌধুরীর সঙ্গীতে বেড়ে ওঠার জন্য যাদের অবদান রয়েছে তেমন কয়েকজন মানুষকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুব্রত বড়ুয়া রনি, নকীব খান, আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী, তাজুল ইসলাম (প্রবাসী) ও জিলু খান। অনুষ্ঠানের শুরুতে তপন চৌধুরীর জনপ্রিয় গান গেয়ে শোনান শিল্পী আলম আরা মিনু, সাব্বির জামান, কিশোর, বাদশা বুলবুল প্রমুখ।

ইত্তেফাক/এএন