বর্তমানে ছোটপর্দাতেই ব্যস্ত আছেন আমিন খান। বড়পর্দাতে অনেকদিন অনুপস্থিত থাকলেও বিশেষ দিবসের নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি ‘তোমার আমার গল্প’ শিরোনামে একটি ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করলেন তিনি।
এবারই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান ও এ প্রজন্মের তরুণ অভিনেত্রী মুমতাহিনা টয়া। নাটকটির গল্পে নতুনত্ব থাকার কারণেই এতে অভিনয় করেছেন বলে জানালেন আমিন খান। কারণ সাধারণত তিনি খুব বেশি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করেন না। গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয় করেন তিনি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘বিশেষ দিবসেই ছোটপর্দায় উপস্থিত হই। সামনে ভালোবাসা দিবস তাই এ উপলক্ষে কাজটি করলাম। টয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। বেশ ভালো অভিনয় করেছে টয়া। আশা করি নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।’
টয়া বলেন, ‘আমিন ভাই গুণী একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের। খুবই আন্তরিক ও সহযোগিতা পরায়ণ একজন শিল্পী তিনি।’
ইত্তেফাক/এমএআর
