একাত্তর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘একাত্তর সকাল’ গতকাল ১ হাজার পর্ব পূর্ণ করলো। প্রায় ৩ বছর ধরে প্রতিদিন সকাল ৭টায় নানা নীতি নির্ধারণী বিষয় নিয়ে একাত্তর সকাল অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়ে আসছে।
অনুষ্ঠানের শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি দৈনিক প্রকাশিত জাতীয় ও স্থানীয় প্রত্রিকার প্রধান প্রধান খবর, খরবের পর্যালোচনা ও জনসাধারণের মতামত, একাত্তর টেলিভিশনের প্রতিদিনের আয়োজন, বিশেষ ব্যক্তিবর্গের সাক্ষাত্কার ও প্রতিদিনের আবহাওয়ার খবর ছাড়াও নানা আয়োজনের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করে অনুষ্ঠানটি।
বর্তমানে নানা সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক, সমসাময়িক সমস্যা ও সমাধান নিয়ে পর্যালোচনা দর্শককে আরো কাছে টানতে সক্ষম হয়েছে। দেশের টেলিভিশনে এটিই প্রথম ভিন্নধর্মী মর্নিং শো, যা সমসাময়িক সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা করে।
শুরু থেকেই অনুষ্ঠানটি প্রযোজনা করে আসছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম মাসুম এবং উপস্থাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শবনম আজিম, অভিনয়শিল্পী বন্যা মির্জা ও তাজিন আহমেদ ।
ইত্তেফাক/এমএআর
