ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাসেমি রাফসানজানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রবিবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রাফসানজানি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেও পশ্চিমাদের সঙ্গে সম্পর্কন্নোয়নকে গুরুত্ব দিয়েছিলেন। ২০০৫ সালে তিনি আহমেদিনিজাদের কাছে হেরে যান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাউন্সিলের কাজ হলো পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যকার মতবিরোধ দূর করা। এই কাউন্সিলের ক্ষমতাও অনেক। ২০১৩ সালে তিনি সংস্কারপন্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়াই করতে গেলে তাকে অযোগ্য ঘোষণা করেছিল এই কাউান্সল। এরপর তিনি হাসান রুহানিকে সমর্থন জানান। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিও একজন আধুনিক ও উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। রুহানি এবং তার মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। রাফসানজানিকে মৃত ঘোষণার আগে তেহরানের সোহাদা হাসপাতাল থেকে প্রেসিডেন্ট রুহানিকে বেরিয়ে যেতে দেখা গেছে।
