ফেব্রুয়ারিতে ভারত সফরকে সামনে রেখে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার স্টিফেন ও’কিফ।
সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিডনি সিক্সার্সের হয়ে ৩২ বছর বয়সী এই স্পিনারের খেলার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত মতে ও’কিফকে পাঁচদিনের ফর্মেটেই বেশি মনোযোগী হওয়া ভাল।
যে কারণে বিবিএল থেকে তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরী হয়। ভারতের মাটিতে ও’কিফের অস্ট্রেলিয়ার মূল একাদশে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। চলতি মাসের শেষে ভারতীয় সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করা হবে।
ভারতীয় সফরকে সামনে রেখে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পের দলেও এই বাঁহাতি স্পিনার সুযোগ পাচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। ২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার খরা অস্ট্রেলিয়া এবারের সিরিজে কিছুটা হলেও কাটাতে চায়।
গত বছর অস্ট্রেলিয়ার শ্রীলংকা সফরের সময় প্রথম টেস্টেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ও’কিফ। শনিবার সিডনিতে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট জয়ে ১০৩ রানে ৪ উইকেট দখল করেছিলেন ও’কিফ। সিএ পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ভারতের বিপক্ষে চার ম্যাচের কঠিন সিরিজকে সামনে রেখে ও’কিফের আরো বেশি করে লম্বা ফর্মেটের দিকের মনোযোগী হওয়া উচিত।
গত বছর শ্রীলংকা সফরের অভিজ্ঞতা থেকে আমরাও চিন্তা করেছি কিভাবে ভারত সফরে তাকে আরো বেশি প্রস্তুত করে তোলা যায়। সাম্প্রতিক ইনজুরিতে পড়ে তিনি চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলতে পারেননি। তবে সবকিছুকে পিছনে ফেলে ভারতের মাটিতে নিজেকে শতভাগ প্রমান করাই এখন তার মূল চ্যালেঞ্জ। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ
