সহজ ডটকমে বাণিজ্যমেলার টিকেট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫
এই প্রথমবারের মত সহজ ডটকম  থেকে অনলাইনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার টিকেট কিনতে পারবেন দর্শনার্থীরা। বাণিজ্যমেলার টিকেটিং পার্টনার মীর ব্রাদার্সের সাথে সহজ ডটকমের চুক্তি মোতাবেক এখন থেকে এই সুবিধা উপভোগ করা যাবে। 
 
পাশাপাশি প্রতিদিন টিকেট কিনে ক্রেতারা পাচ্ছেন একটি করে স্মার্টফোন এবং মেলা শেষে এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা মানুষের জীবনকে আরো সহজ করতে বাস, লঞ্চ, মুভি, ক্রিকেট খেলা ও ইভেন্ট টিকেটের সেবা দিয়ে আসছে।
 
তিনি আরো বলেন, বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীদেরকে যেন পরিবারের সদস্য ও বাচ্চাদের নিয়ে লাইনে না দাঁড়াতে হয়, সেই লক্ষ্যেই আমরা ই-টিকেটিং এর কাজ করছি। আমি আশা করি, ঘরে বসে টিকেট কেনার এই সুবিধা গ্রহণ করে দেশের সবচেয়ে বড় এই মেলায় আগের চেয়েও বেশি মানুষের সমাগম হবে। তাছাড়া সরকারের দেশব্যাপী ডিজিটাল ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্য পূরণেও বাণিজ্য মেলার এই ই-টিকেটিং সার্ভিস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস’।
 
সহজ ডটকমের ইভেন্ট পেজ থেকে খুব সহজেই ভিজিটরেরা এই টিকেট কিনতে পারবেন। বিকাশ, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড - এর মাধ্যমে পেমেন্ট করলেই মেলার ই-টিকেট গ্রাহকের ই-মেইলে চলে যাবে। এই ই-টিকেটের প্রিন্টেড কপি বা পিডিএফ মোবাইল ফোনে দেখিয়েই মেলার ১ নাম্বার গেটে অবস্থিত সহজ ডটকমে -এর স্পেশাল গেট দিয়ে প্রবেশ করা যাবে।
 
মেলায় প্রবেশের নির্ধারিত ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং বাচ্চাদের (৯ বছরের নিচে) জন্য ২০ টাকা। এর সাথে প্রসেসিং ফি বাবদ টিকেট প্রতি মাত্র ২ টাকা করে প্রদান করতে হবে।
 
ইত্তেফাক/এমএইচ