প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা-বিকাশ ও সুস্থ-বিনোদনের জন্য পাঠ্যপুস্তক ও এর সহায়ক নানামুখী কন্টেন্ট নিশ্চিতকরণের লক্ষ্যে এটুআই প্রোগ্রাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের মধ্যে পৃথক পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কারিগরি সহায়তায় জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত নানা ধরনের মানসম্পন্ন উপাদান প্রদানে একটি একক প্লাটফর্ম ‘কিশোর কানেক্ট’ (ডোমেইন: কানেক্ট.বাংলা) তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল কাজের সঙ্গে জড়িত এমন দুইটি প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর বিভিন্ন শিক্ষামূলক উপকরণগুলোকে কিশোর কানেক্টের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতা এবং ইন্টারনেটের ব্যাপক বিস্তৃতির ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে প্রচুর সময় নষ্ট করে আসছে। কিন্তু তাদের বয়স উপযোগী বাংলা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট, গেমস, অ্যাপস বা শিক্ষামূলক উপকরণ পর্যাপ্ত পরিমাণে না থাকায় অনেকেই আইসিটির ঝুঁকিপূর্ণ ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। দৈনন্দিন জীবনে জ্ঞান চর্চা বা সামাজিক কর্মকাণ্ডে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে মতবিনিময় বা বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার কোন প্ল্যাটফর্ম নেই।
IMG0
ইতোমধ্যে শিক্ষকদের জন্য তৈরিকৃত শিক্ষক বাতায়নে যেমন শহরের কোন দক্ষ শিক্ষকের তৈরি কন্টেন্ট দূর-দূরান্তে অবস্থিত কোন শিক্ষক ডাউনলোড করে নিচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের উপযোগী কোন কন্টেন্ট শেয়ারের মাধ্যম নেই। এর প্রেক্ষিতে সমঝোতা স্মারক অনুযায়ী শিক্ষার্থীদের জন্য জাতীয়ভাবে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক সহায়ক বই, শিক্ষা বিষয়ক ম্যাগাজিন, ই-বুক লাইব্রেরি, শিশু-কিশোরদের জন্য শিক্ষণীয় চলচিত্র, মাল্টিমিডিয়া কনটেন্ট প্রভৃতি একটি নির্দিষ্ট নিয়মে প্রদান করবে।
উল্লেখ্য, ইউএনডিপি এবং ইউএসএইড-এর কারিগরি সহায়তায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের জন্য কানেক্ট.বাংলা প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, এটুআই প্রোগ্রাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
