নতুন বছরে দলকে দুর্দান্ত সূচনা এনে দিলেন জুভেন্টাসের দুই আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা। রবিবার বোলোগনাকে ৩-০ গোলে হারিয়ে ২০১৭ সাল শুরু করলো তুরিনের ওল্ড লেডিরা। এদিন জোড়া গোল করেন রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেয়া হিগুয়েন।
এদিন ঘরের মাঠে অনন্য রেকর্ডও গড়েছে জুভেন্টাস। ইতালিয়ান ফুটবল ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে তারা হোম ভেন্যুতে টানা ২৬টি লিগ ম্যাচ জিতলো।
বিদায়ী বছরের শেষ ম্যাচে এসি মিলানের কাছে টাইব্রেকারে হেরে ইতালিয়ান সুপার কাপের শিরোপা হাতছাড়া করে জুভেন্টাস। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালো জুভিরা।
তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভিরা। সাত মিনিটে সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন হিগুয়েইন। ৪১ মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান উঠতি ফরোয়ার্ড দিবালা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হেডে জোড়া গোল পূরণ করেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার হিগুয়েইন। নির্ধারিত সময়ের আগে আর কেউই জালের দেখা পাননি। প্রত্যাশিত জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে জুভেন্টাসের সংগ্রহ ১৮ ম্যাচে ১৫ জয় ও ৩ হারে ৪৫। চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা রোমা।
ইত্তেফাক/এমএইচ
