বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: নাসিম

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৭:৩৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেছেন, বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আইন উপেক্ষা করে দুর্নীতির মাধ্যমে ভবনের অনুমোদন যারা প্রদান করেছেন, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অর্থলিপ্সার কাছে জনগণের নিরাপত্তা ছেড়ে দেওয়া যেতে পারে না। 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজউকের ব্যর্থতায় রাজধানীতে বড় বড় দালান হচ্ছে। কোন ফাঁক-ফোকর দিয়ে এসব নকশা পাস হয়, তা খুঁজে বের করতে হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ফায়ার সার্ভিসকে আরো শক্তিশালী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। 

আরো পড়ুন: নবজাতককে পলিথিনে মুড়িয়ে ইটচাপা দিয়ে হাসপাতালে মা

আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ খান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সম্মিলিত আওয়ামী জোটের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহ-সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক জামালউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ইত্তেফাক/অনি