২০২৬ থেকে ৪৮ দলের বিশ্বকাপ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৬:২৪
২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
শুরু থেকেই বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে আরো আটটি দেশকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  সেই প্রস্তাবই রেখেছিলেন মঙ্গলবার। জুরিখে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।
 
বর্তমান ফরমেটের সঙ্গে নতুন আরো আটটি দল যোগ হয়ে তা ১৬-তে ঠেকবে। প্রতি দলে থাকবে তিনটি করে দেশ। টুর্নামেন্টের শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শুরু হবে। ২০১৭ সালের ফিফা কাউন্সিলে এটি অনুমোদিত হয়।
 
ইনফান্তিনো বলেন, ‘গত বিশ্বকাপের একটি ব্যাপার আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে ইংল্যান্ড ও ইতালি কোস্টারিকার মতো দলের সঙ্গে খারাপ খেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সুতরাং ৪৮ দলের বিশ্বকাপটি খেলার সৌন্দর্য আরও বাড়াবে। কারণ প্লে-অফ রাউন্ডে ৩২ দল হবে সেরা বাছাই।’
 
 
এবার বিশ্বকাপে ৬৪ ম্যাচের পরিবর্তে হবে ৮০ ম্যাচ।  এতে স্পন্সর ও সম্প্রচার স্বত্ত্ব থেকে ফিফার আয় বেড়ে যাবে ১০০ কোটি ডলার।  ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিফার কাঙ্খিত আয় হবে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। স্কাই নিউজ
 
ইত্তেফাক/এমএইচ