বনানী ট্রাজেডি: ধোঁয়া কেড়ে নিয়েছিল আবিরের জীবন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৮:৩৭

আনজির সিদ্দিক আবির লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ঘটে যাওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান আবির।
 
পাথর ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাচ্চু ও পাটগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসরিফা খানম দম্পত্তির সন্তান আবির। তাদের দুই সন্তানের মধ্যে আবির ছোট। তার মর্মান্তিক মৃত্যুতে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। 

অগ্নিকাণ্ড শুরুর পর থেকে আবির নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরে ওই ভবন থেকে তার মরদেহ উদ্ধারকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। আবির ভবনটির ১৪ তলায় মিকা সিকিউরিটিজ লি. নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আবির ঢাকার আইইউবি থেকে বিবিএ শেষ করে ওই কোম্পানিতে যোগদান করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাওয়ারটির ১৬ তলা থেকে তার লাশ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। 

আরো পড়ুন: রাস্তায় কুড়িয়ে পাওয়া রাজকুমারী

আবিরের লাশ তার নিজ বাড়ি পাটগ্রাম সরকারি কলেজ মাঠে শুক্রবার বাদআছর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। 

ইত্তেফাক/অনি