সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের সফল অপারেশন সম্পন্ন হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেই সাথে লাইফ সাপোর্টও খুলে ফেলা হয়েছে।
প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত মাহসি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এপোলো হাসপাতালে জিয়ার অপারেশন শেষ হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। খুশির খবর, এখন আর লাইফ সাপোর্টে নেই। আমাদের প্রিয় জিয়া যেন দ্রুত সেরে উঠে, সবাই প্রার্থনা করুন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে অ্যাপোলেতে নিয়ে যাওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
জানা গেছে, আজ সকাল পৌনে ১১টার দিকে জিয়া ইসলামের চিকিৎসার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে চিকিৎসকেরা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল অ্যাপোলো কিংবা বিদেশে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুপুরে জিয়াকে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছে।
