‘১/১১ ও ৫ জানুয়ারিতে গণতন্ত্রকে বাক্সবন্দি করেছে সরকার’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২১:৪৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১/১১ কে বিএনপি যেমনিভাবে স্মরণ করে ২০১৪ সালের ৫ জানুয়ারিকে বিএনপি একইভাবে স্মরণ করে। কারণ এই দিন দুটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময়। আওয়ামী লীগ সরকার ফখরুদ্দিন-মইনুদ্দিনের সরকারেরই ধারাবাহিকতা মাত্র। এই দিন দুটিতে বাংলাদেশের গণতন্ত্রকে বাক্স বন্দি করা হয়েছে। মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের ফসল। আর তারাই ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘১/১১ ষড়যন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
 
মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে জরুরি অবস্থা জারি হয়। অথচ ২০১৪ সালে বিএনপি নির্বাচন বয়কট করলেও জরুরি অবস্থা জারি হয়নি। ওই সময় জনগণ ভোট দেয়নি। তবে মাত্র ৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সেই ধারাবাহিকতায় পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারে নাই। 
 
ড. মোশাররফ বলেন, আমরা ৭ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি চেয়েছিলাম, আমাদেরকে দেয়া হয়নি। অথচ তারা নিজেরা সমাবেশ করার পাশাপাশি তথাকথিত গৃহপালিত বিরোধীদলকে অনুমতি দিচ্ছে। যার মাধ্যমে সরকার বিএনপিকে সকল সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।
 
তিনি আরো বলেন, সরকার জনগণ এবং গণতন্ত্রকে ভয় পায় যার কারণে ৭ নভেম্বর এবং ৫ জানুয়ারির কথা শুনলে তাদের বুকের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। 
 
ইত্তেফাক/এমআই