বিদায়ী ভাষণে ট্রাম্পকে সতর্ক করতে পারেন ওবামা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ০০:৫৪

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়ী ভাষণে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভবিষ্যত আমেরিকা নিয়ে সতর্ক করতে পারেন। ট্রাম্পের এক সহযোগী জানিয়েছেন, অতীত নিয়ে বেশি কথা না বলে প্রেসিডেন্ট ওবামা মূলত ভবিষ্যতের দিক নির্দেশনা দেবেন। এমনকি গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহবানও জানাতে পারেন। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ওবামার করা অনেক কাজ বাতিল করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং এবং ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে নানা আলোচনা আছে যুক্তরাষ্ট্রে। এসব বিষয়ে সতর্কতামূলক বক্তব্য দিতে পারেন প্রেসিডেন্ট ওবামা।

 
ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ এবং মার্কিন পত্রিকা শিকাগো ট্রিবিউন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ওবামার।  শিকাগো ওবামার নিজ শহর। এই শহরেই তার রাজনীতির হাতেখড়ি। এখান থেকেই তিনি সিনেটর নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সাল থেকে শিকাগোতে বাস করছেন ওবামা। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট ওবামার সফলতা এবং ব্যর্থতা দুই-ই আছে। আগামী ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন ট্রাম্পের হাতে। সমপ্রতি ওবামা তার ভাষন সম্পর্কে বলেন, এই ভাষণ হবে মূলত দীর্ঘ ভ্রমণের জন্য শিকাগোবাসীকে ধন্যবাদ জানানোর ভাষণ। এছাড়া আমরা এখান থেকে কোন পথে যাচ্ছি সেই সম্পর্কেও কিছু কথা বক্তব্যে স্থান পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ঘনিষ্ট এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, সামনের দিকে আমরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি সেই সম্পর্কে বলবেন প্রেসিডেন্ট।
 
হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পাস্কি এবং সিনিয়র উপদেষ্টা ভ্যালেরি জ্যারেট সাংবাদিকদের জানিয়েছেন, ওবামা তার বক্তব্যে গণতন্ত্রের জন্য সবাইকে লড়াই করার আহবান জানাবেন। জ্যারেট বলেন, প্রেসিডেন্ট ওবামা পেছনের বিষয়কে গুরুত্ব দেবেন না, তিনি ভবিষ্যতকেই বেশি গুরুত্ব দেবেন। পাস্কি জানান, ওবামার বক্তব্য এক ঘন্টার বেশি হবে না। আর দর্শক-শ্রোতার সংখ্যা ১৪ হাজার হতে পারে। তবে শনিবার ওবামার বক্তব্য শুনতে মানুষের লাইন দেখে সবাই বিস্মিত হয়ে পড়েন। ফ্রি টিকেট একসময় দশ হাজার ডলারেও বিক্রি হয়। এরপর পাস্কি বলেন, দর্শক-শ্রোতার নির্দিষ্ট সীমারেখা বলা সম্ভব নয়। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন উপস্থিত থাকবেন। 

ইত্তেফাক/এএন