উখিয়ার অর্ধশতাধিক স্পটে অবৈধ বালু উত্তোলন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ০৪:৪৮

উখিয়ার বিভিন্ন জলাশয় খাল, ছড়া থেকে নির্বিচারে বালু উত্তোলন ও পাচার করা হচ্ছে। চলতি অর্থবছর উপজেলা প্রশাসন আটটি বালু মহালের ইজারা দিয়েছে। কিন্তু সম্পূর্ণ অবৈধ উপায়ে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন করা হচ্ছে অর্ধশতাধিক স্পট থেকে।

 
এদিকে ভূমি প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনের মিছিল ও সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ টাকা জরিমানা করলেও ঠেকানো যাচ্ছে না। ফলে বিভিন্ন খাল, নদী ছড়াবেষ্টিত এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য আটটি বালু মহাল শর্ত সাপেক্ষে ইজারা দেওয়া হয়েছে। তার মধ্যে বালুখালী খাল, থাইংখালী খাল, হিজলিয়া খাল, পালংখালী খাল, দোছরী খাল, ওয়ালাপালং খাল, ধোয়াঙ্গারছড়া কুমারির ছড়া বালু মহাল অন্যতম। পালংখালী ইউনিয়নের থাইংখালী খালের ১৫টি স্পটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। খালের পাড়ে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবার আলি হোছন, মীর কাশেমসহ একাধিক ব্যক্তি জানান, বালু উত্তোলনকারী সিন্ডিকেট এলাকার প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। যে কারণে এলাকার ব্যাপক ভূমিধসসহ বসতভিটা, ফসলী জমি খালের ভাঙনে বিলীন হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা করা হচ্ছে। পরবর্তীতে ওই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএন