দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট ২০০৭ সালে মঞ্চে নিয়ে আসে নাট্য প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। এরইমধ্যে দেশ-বিদেশে নাটকটি প্রশংসা কুড়িয়েছে। এস এম সোলায়মানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
আবারো ভারতের মঞ্চে প্রদর্শিত হবে ‘আমিনা সুন্দরী’। ১৭ জানুয়ারি রঙ্গায়ণের আমন্ত্রণে ভারতের মাইশরে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। ১৯ জানুয়ারি কর্ণাটকে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে।
থিয়েটার আর্ট ইউনিট সূত্রে জানা গেছে, আমিনা সুন্দরী নাটকের দুটি প্রদর্শনী উপলক্ষে আগামী সপ্তাহে ভারতে যাবে দলটির সদস্যরা। তার আগে ৯ জানুয়ারি ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’র গল্পকে সঙ্গীতের অপূর্ব ব্যবহারের মধ্য দিয়ে এসএম সোলায়মান রচনা করেছেন নাটক ‘আমিনা সুন্দরী’। বাঙালি নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা মূলত এ গল্পের প্রধান উপজীব্য।
ইত্তেফাক/এএন
