স্বল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৬ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মজিবর শেখ ও নূরুজ্জামানকে তিন মাস করে, কুবাত শিকদার, খুরশেদ আলম, মো. লিটন ও খোরশেদ আলীকে দুই মাস করে এবং ইউসুফ ওরফে ফোরকান, নূরনবী, হান্নান শেখ, সাগর হোসেন, সুজন শহীদ, মো. বাবলু ও জোছনা আক্তারকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শফিকুর রহমান, মো. ফারুক এবং সামিউল আলমকে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আগারগাঁও এলাকায় পাসপোর্ট অফিসের দালাল হিসেবে চিহ্নিত। এরা পাসপোর্ট পেতে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফির চেয়ে বেশি টাকা নিয়ে প্রতারণা করে থাকে। ভুয়া সিল ও সত্যায়ন, ভুয়া ব্যাংক রশিদ ও নকল পাসপোর্ট ধরিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
