গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন এলজিইডি সদর দফতরের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত দল। তদন্ত দলের নেতৃত্ব দেন এলজিইডি সদর দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) খন্দকার আলী নূর।
মঙ্গলবার বিকালে তদন্ত দলটি সেখানে পৌঁছে সিঁড়ি ধ্বসের ঘটনাটি তদন্ত করেন।
পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান প্রকৌশলী (ডিজাইন) খন্দকার আলী নূর জানান, ভবন নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহ করা নমুনা ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। কোন প্রকার অনিয়ম দেখা গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
পরিদর্শনকালে তদন্ত দলের সদস্য এলজিইডি সদর দফতরের পিইডিপি-৩ এর নির্বাহী প্রকৌশলী জেএম আজাদ হোসেন, কোয়ালিটি কন্ট্রোল সেকশনের সিনিয়র সহকারী প্রকৌশলী ইনামুল হক খান, কনসালটেন্ট নজরুল ইসলাম ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিইডিপি-৩ এর আওতায় ও এলজিইডি’র তত্ত্বাবধানে ৬৩ লাখ ৫২ হাজার পাঁচশ টাকা ব্যয়ে এ বিদ্যালয়ের নির্মাণ কাজ চলছে। মেসার্স তামান্না ট্রেডার্সের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার এমএ খালেক ও মোনায়েম হোসেন মোলাক।
ইত্তেফাক/এএসএইউ
