অল্প কয়েক বছরের মধ্যে স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় অবস্থানে চলে এসেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। বর্তমানে ছোট বাজারের পাশাপাশি বড় বাজারগুলোকে টার্গেট করে কর্মপরিকল্পনা নির্ধারণ করছে তারা। আর এই লক্ষ্যে পৌঁছাতে প্রতিষ্ঠানটি এবার উন্মোচন করতে যাচ্ছে নিজেদের বহুল প্রত্যাশিত স্মার্টফোন 'রেডমি নোট ৫'। প্রযুক্তিবিশ্বে জোর গুঞ্জন, চলতি মাস শেষ হওয়ার আগেই সর্বসমক্ষে আসতে পারে নতুন ফোনটি।
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনে (এফসিসি) তালিকাভুক্ত হয় রেডমি নোট ৫। এর পর এর সব ফিচারের তথ্য ছড়িয়ে পড়ে অনলাইনে। ফাঁস হওয়া তথ্যমতে, ডিভাইসটি দাম হবে ১৯১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।
লিকার ডটকম-সহ তথ্য ফাঁসকারী আরও কিছু ওয়েবসাইটের দাবি, রেডমি নোট ৫ স্মার্টফোনটিতে থাকবে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি ডিসপ্লে, ডিসপ্লে সুরক্ষায় গরিলা গ্লাস ৪, কোয়ালকমের ৬৪-বিট অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসির পাশাপাশি মিডিয়াটেক হ্যালিওএক্স২৫ ৬৪-বিট ডেকা-কোর এসওসি, ৪ জিবি র্যাম, ৩২ জিবি/৬৪ জিবি রম যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত, ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, কোয়ালকমের কুইক চার্জ ৩.০ প্রযুক্তি ইত্যাদি।
ইত্তেফাক/এএম
