নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শনিবার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:৪০

শনিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯। ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাতদিন নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি।’

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শনিবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট টার্মিনালস্থ সুন্দরবন-১০ লঞ্চে উদ্বোধন অনুষ্ঠান ও নৌ র‌্যালির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ও নৌপরিবহন মন্ত্রণালয় সচিব মো. আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: আরও শক্তিশালী হলো বাংলাদেশি পাসপোর্ট

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ৩ এপ্রিল সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/এমআই